সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি এবং আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সাইদুর রহমান বাচ্চু (২৭ নভেম্বর) বৃহস্পতিবার ধানবান্দি ও হোসেনপুর এলাকার চেম্বারের সম্মানিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যবসায়ীদের নানা সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, আমদানি-রপ্তানি খাতে জড়িত সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, “সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সদস্যদের স্বার্থরক্ষা, ন্যায্য বাণিজ্য পরিবেশ সৃষ্টি, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং উদ্যোক্তাদের সহায়তার বিষয়ে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আপনাদের সমর্থন পেলে আরও সুসংগঠিত, আধুনিক ও সক্রিয় চেম্বার গড়ে তুলতে কাজ করব।”
তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা—হাট-বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ঋণ গ্রহণে জটিলতা, উদ্যোক্তা প্রশিক্ষণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ব্যবসা সম্প্রসারণে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ের বিষয়ে মতামত শোনেন। ভোটাররা চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানালে তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সদস্যদের পরামর্শ অনুযায়ী উদ্যোক্তা-বান্ধব নীতি বাস্তবায়ন করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সাইদুর রহমান বাচ্চু চেম্বারের উন্নয়ন এবং ব্যবসায়ী সমাজের স্বার্থে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাই তারা একটি শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে চেম্বারের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, আর এ মতবিনিময় সভা নির্বাচনী অঙ্গনে প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি করেছে।