চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র

Nahid Hasan avatar   
Nahid Hasan
চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র
চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে চুনারুঘাট বাজারে বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামতে থাকায় পুরো বাজার এলাকা বিকেলের আগেই এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশাযোগে হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। গ্রাম, বাজার, চা-বাগান ও পাহাড়ি জনপদ থেকে আসা মিছিলে ধানের শীষের ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নারী–পুরুষ, যুবক–যুবতী, কৃষক, শ্রমিক, দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “এখন সময় এসেছে রাষ্ট্র কাঠামো সংস্কার ও ৩১ দফা প্রতিষ্ঠার। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিজের রাজনৈতিক যাত্রা তুলে ধরে তিনি বলেন, “হবিগঞ্জ-৪ আসনে চারবার বিএনপির মনোনীত প্রার্থী হয়েছি। বিজয়ী না হলেও কখনো মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হইনি। চুনারুঘাটের উন্নয়নে সবসময় কাজ করেছি, আগামীতেও করবো।” তিনি আশা প্রকাশ করেন, এবার ভোটাররা তাকে নিরাশ করবেন না এবং পরিবর্তনের নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেবেন।

যুবসমাজের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চুনারুঘাট ও মাধবপুরের ২৩টি চা-বাগানে কর্মরত শ্রমিকদের পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ নানা মৌলিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আপনাদের ওপর কেউ জুলুম-নির্যাতন করতে পারবে না। স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করবেন, বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে।”

গণমিছিলকে কেন্দ্র করে উপজেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ, নারীদের উপস্থিতি এবং প্রবীণ সমর্থকদের উৎসাহ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। চা-বাগানের শ্রমিকরাও বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
গণমিছিল শেষে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বাজার এলাকা জনতার ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে পুরো শহর মুখরিত হয়ে উঠে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এ গণমিছিল আসন্ন জাতীয় নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় করবে।

Nessun commento trovato


News Card Generator