সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে বুধবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটার এবং এলাকাবাসী।
প্রচারণাকালে বাজার, গ্রাম ও বিভিন্ন মোড় এলাকায় লিফলেট বিতরণ এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় নির্বাচনমুখী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ বলেন, "সিরাজগঞ্জের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ ভবিষ্যৎ চায়। সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই জেলার আশা ও আস্থার প্রতিচ্ছবি। যার নেতৃত্বে উন্নয়ন যেমন হয়েছে, তেমনি গণতন্ত্রের জন্য সংগ্রামও হয়েছে। আমরা বিশ্বাস করি—মানুষ এবারও টুকু ভাইয়ের হাতকে শক্তিশালী করবে।"
সবুজ আরও বলেন, "দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ উপেক্ষিত। আধুনিক নগর সুবিধা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা—সবক্ষেত্রেই বঞ্চিত এ এলাকার মানুষ। টুকু ভাই নির্বাচিত হলে তিনি পুনরায় এই আসনকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবেন। অন্যায়-দুর্নীতি-গুম-খুনের রাজনীতি বন্ধ করে জনগণকে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।"
তিনি অভিযোগ করেন, মাঠ পর্যায়ে বিএনপির কর্মীদের ওপর চাপ সৃষ্টি ও হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। তারপরও নেতাকর্মীরা গণতন্ত্র ও পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, টুকুর উন্নয়নমুখী ভূমিকা ও ব্যক্তিগত সততার কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ব্যাপক আস্থা রয়েছে। তরুণ ভোটাররাও পরিবর্তনের রাজনীতির পক্ষে সমর্থন জানাচ্ছেন।
দিনভর প্রচারণায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নানা কর্মসূচি দেখা যায়।
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, আর ধানের শীষের প্রার্থীর গণসংযোগে বড় সাড়া মিলছে।