শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতি ও অনিয়ম করে গণঅভ্যুত্থানের মুখে দলবলসহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা রাতের আঁধারে দিনের ভোট সম্পন্ন করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিল। আমাদের সাথে জনগণ আছে বলেই আমরা দেশের মাটিতেই আছি।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি গণমানুষের দল। জনগণ আমাদের পাশে আছে, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’কুয়াকাটাসহ এ এলাকার সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সকল খাতে সার্বিক উন্নয়নে কাজ করে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মো. নাসির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো।