ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) চট্টগ্রাম উত্তরজেলা কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দীন ভুইয়া এবং সদস্য সচিব হয়েছেন সাকিব হাসান। গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আহবায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে জামাল উদ্দীনকে নতুন আহবায়ক হিসেবে মনোনীত করা হয়। তিনি দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ও কার্যকর নেতৃত্ব দিয়ে আসছেন।
জামাল উদ্দীন এর আগে ইংলিশ ল্যাব–এর প্রতিষ্ঠাতা, দোহা ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক একাডেমিক চেয়ারম্যান এবং ইকরা ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।
নতুন দায়িত্ব পেয়ে জামাল উদ্দীন বলেন, “বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে এই অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করবো।” তিনি আরও জানান, মাঠপর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করে প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করা হবে।
কমিটির অন্যান্য নেতারা বলেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব, সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং ইতিবাচক রাজনীতির মাধ্যমে সামনে আরও শক্তিশালী হয়ে উঠবে আপ বাংলাদেশ।