কূটনৈতিক বিবাদের জেরে চীনা পর্যটকদের জাপান ভ্রমণে বয়কটের কারণে দেশটির পর্যটন খাতে নেমে এসেছে ৮০ শতাংশ বুকিং ধস, যা বার্ষিক ১৪ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি করতে পারে।
তাইওয়ান ইস্যুতে জাপানের এক মন্ত্রীর মন্তব্যের জেরে চলমান কূটনৈতিক টানাপোড়েনের ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে শুরু করেছে জাপান। চীন সরকার কর্তৃক নিজ নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বানের পরই দেশটির পর্যটন শিল্পে নেমে এসেছে চরম হতাশা। টোকিওভিত্তিক ট্যুর অপারেটর 'ইস্ট জাপান ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিস'-এর ভাইস প্রেসিডেন্ট ইউ জিনশিন নিশ্চিত করেছেন, বছরের বাকি সময়ের জন্য তাদের চীনা দলভিত্তিক পর্যটকদের প্রায় ৮০ শতাংশ বুকিং ইতোমধ্যে বাতিল হয়ে গেছে।
ছোট্ট এই প্রতিষ্ঠানটির ওপর অপ্রত্যাশিত এই অর্থনৈতিক আঘাত জাপানের বৃহত্তর অর্থনীতির জন্যও অশনি সংকেত বহন করছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশ আসে পর্যটন খাত থেকে, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকারি তথ্যানুসারে, বিদেশি পর্যটকদের প্রায় এক-পঞ্চমাংশই আসে চীন ও হংকং থেকে।
নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অনুমান অনুযায়ী, এই বয়কট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে জাপানের অর্থনীতি প্রতি বছর প্রায় ২.২ ট্রিলিয়ন ইয়েন (১৪.২৩ বিলিয়ন ডলার) ক্ষতির মুখে পড়তে পারে। সতর্কতার ঘোষণার পর থেকেই জাপানের পর্যটন খাতের শেয়ারের দাম ব্যাপক হারে কমতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, চীনের ১০টিরও বেশি এয়ারলাইন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাপানগামী রুটের টিকিট ফেরত দিচ্ছে। এক এয়ারলাইন বিশ্লেষক অনুমান করেছেন, এর ফলে প্রায় পাঁচ লাখ টিকিট ইতোমধ্যে বাতিল হয়েছে। ইস্ট জাপান ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ইউ জিনশিন বলেন, এক-দুই মাস এই পরিস্থিতি সামলে নেওয়া গেলেও দীর্ঘস্থায়ী সংকট ব্যবসাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0