যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
স্টাফ রিপোর্টার | মামুন মোল্লা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে যশোর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি হওয়া এ প্রজ্ঞাপনে তাকে ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসার পদ থেকে বদলি করে যশোরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ আশেক হাসান একজন সজ্জন, দক্ষ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে পরিচিত। তিনি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া-এর ছেলে। বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারী মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়া তাঁর মামা মো. ছিরু মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন—যা তার পারিবারিক শিক্ষাগত ও নৈতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করেছে।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ডিসি আশেক হাসান বলেন,
“এই অবস্থানে আসার পুরো কৃতিত্ব আমার বাবা–মায়ের। তাদের সততা, নীতিবোধ, পরিশ্রম ও দোয়া আমাকে সবসময় পথ দেখিয়েছে। যশোরবাসীর সেবা করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করব।”
২৭তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে রাজবাড়ী, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে এডিসি, ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এডিএম, জেল সুপার এবং ট্রেজারি অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী ব্যবহারের কারণে তিনি সর্বমহলে প্রশংসিত।
অন্যদিকে, যশোরের বর্তমান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম-কে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
নবনিযুক্ত ডিসি মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। তার দায়িত্ব গ্রহণে জেলাজুড়ে নতুন প্রত্যাশার সুর বেজে উঠেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0