যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় রুবেল নামের এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে নাভারণ-বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। তবে হ্যান্ডকাফ পরানোর সময় তিনি হঠাৎ লুকানো ছুরি বের করে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলের বিরুদ্ধে মাদক আইনের পাঁচটি মামলা রয়েছে। ছুরিকাঘাতে আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “মাদক ব্যবসায়ীরা যতো চতুরই হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। রুবেলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0