নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক সম্ভাব্য নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী শহরজুড়ে ব্যাপক বাইক শোডাউন অনুষ্ঠিত হয়।
শোডাউনে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় শতাধিক মোটরসাইকেলে শোডাউনে অংশ নেন ছাত্রশিবিরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শোডাউনের মাধ্যমে তারা নগরবাসীকে নিরাপত্তার আশ্বাস প্রদান করেন এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
ছাত্রশিবিরের নেতারা বলেন, “জনগণের জানমাল রক্ষায় ও নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবির সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কোনো অরাজকতা বা ভয়ভীতি সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
এদিকে, বাইক শোডাউনের পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সহযোগিতা করছেন।
তারা আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে এবং প্রয়োজনে রাতেও টহল অব্যাহত থাকবে।