নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রচারিত “অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
গত ৭ নভেম্বর বিকেল ৪টায় নিজের বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম বলেন,
“অখ্যাত একটি ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করা হয়েছে। এমনকি কিছু প্রিন্ট মিডিয়ায়ও ভিত্তিহীন অভিযোগ তুলে খবর প্রকাশ করা হয়েছে। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও অভিযোগ করেন,
“আমি রাজনীতিতে সততা ও ন্যায়ের পথে চলেছি। আমি যদি কখনো অনিয়মে জড়িত থাকি—তাহলে রাজনীতি থেকে নিজেই সরে দাঁড়াব। কিন্তু যখনই আমি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখনই কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে নামে।”
‘জামায়াত সংশ্লিষ্টতা’ নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন,
“আমি কোনো সময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সরকারি মুজিব কলেজের ভিপি প্রার্থী ছিলাম, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ৪১ বছর ধরে ব্যবসা করছি, নিয়মিত কর প্রদান করছি। আমার বিরুদ্ধে দুদকসহ কোনো সংস্থার তদন্তে অনিয়মের প্রমাণ নেই।”
তিনি দাবি করেন,
“এস আলম গ্রুপের সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক বা আর্থিক সম্পর্ক নেই। পত্রিকায় প্রকাশিত সেই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
ফখরুল ইসলাম আরও বলেন,
“হেফাজতের এক অনুষ্ঠানে আমাকে ভুলভাবে জড়ানো হয়েছিল, কিন্তু প্রশাসন পরে স্বীকার করেছে আমি সেখানে কোনো অনিয়মে জড়িত ছিলাম না। ফ্যাসিবাদী আমলে অন্যায়ভাবে জেলে গিয়েছি, তবুও ন্যায় ও সত্যের পক্ষে আছি।”
বিএনপির প্রতি তার দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন,
“২০০১ সালে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে খালেদা জিয়ার বসুরহাট জনসভায় আমি উপস্থিত ছিলাম। বিএনপির জন্য আমি বহুবার উদ্যোগ নিয়েছি, ইফতার মাহফিল আয়োজন করেছি—দল ও জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি।”
গণমাধ্যমের উদ্দেশে তিনি আহ্বান জানান,
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরুন।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান,
“মানহানি মামলা বা জিডি না করে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমেই জনগণের কাছে সত্য প্রকাশ করতে চেয়েছি।”
শেষে ফখরুল ইসলাম বলেন,
আমি দীর্ঘদিন ব্যবসা করছি, কোনো অনিয়মে জড়াইনি। আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র চালাচ্ছে। আমি বিশ্বাস করি—আল্লাহ ও জনগণ সত্যের পক্ষে থাকবেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক
সভাপতি আবদুল হাই সেলিম, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন
বিএনপির সাবেক সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহম্মেদ বাচ্চুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0