আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জননেতা ফজলে হুদা বাবুল।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে মনোনয়ন দিয়েছে। স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ও নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁকে অগ্রাধিকার দিয়েছে।
বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, “এই আসনের মানুষ ফজলে হুদা বাবুলকে ভালোবাসে। তিনি বিগত ১৭ বছর ধরে মাঠে আছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার।”
মনোনয়ন ঘোষণার পর বদলগাছী ও মহাদেবপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বন্যায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল ও জামায়াতে ইসলামী প্রার্থী মাহফুজুর রহমানের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতি পেতে পারে একেবারেই নতুন রূপ।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0