ছাত্র রাজনীতির কিংবদন্তি, কল্যাণ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্নার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নাগরিক ছাত্র ঐক্য, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক নূর হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোখলেছুর রহমান সবুজ।
এসময় বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্য সিরাজগঞ্জ সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: জুয়েল হোসেন, কামারখন্দ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক মো. ছানোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা ও জেলা শাখার সম্মানিত সদস্য মুনছুর আলী প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক রফিকুল ইসলাম সোনাই এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাওছার আলী।
বক্তারা বলেন, “মাহমুদুর রহমান মান্না ছাত্র রাজনীতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রের যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, তা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে সততা, সাহস ও আদর্শিক দৃঢ়তার প্রতীক।”
তারা আরও বলেন, “মান্না সাহেবের নেতৃত্বে নাগরিক ঐক্য একটি গণমুখী ও নীতিনিষ্ঠ রাজনীতির ধারা গড়ে তুলছে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যই মূল প্রতিপাদ্য।”
অনুষ্ঠানের শুরুতে মাহমুদুর রহমান মান্নার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্য ও নাগরিক ছাত্র ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।