মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পালপাড়ায় এক হিন্দু বাড়িতে সংঘটিত ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে মাধবপুর পৌর এলাকার পূর্ব মাধবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মিন্নত আলীর ছেলে ছৈয়দ আলী (৩৭) এবং ফুল মিয়ার ছেলে দুধ মিয়া (৩৩)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্যামা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সদস্যদের উপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এতে কয়েকজন আহত হন।
ঘটনার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় শনিবার ভোরে দুর্ধর্ষ এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।