কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে অস্ত্র ও গুলিসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে রাত সাড়ে ১২টার দিকে প্রথম অভিযান চালানো হয় শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।
সেখানে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক ও ২টি পাইপগান উদ্ধার করা হয়।
এ সময় ফারজানা আক্তার (২৯), আমিনা আক্তার (৩৭) ও জুবেদা আক্তার (৩৩)—এই তিন নারীকে গ্রেপ্তার করা হয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে শাহপুরের আব্দুল কাদিরের বাড়িতে দ্বিতীয় অভিযান চালানো হয়।
সেখান থেকে ১০টি সীসা কার্তুজ ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং শান্তি বেগম (৬০) নামে আরও একজন নারীকে গ্রেপ্তার করা হয়।
তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান—
“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।”