ছদ্মবেশে অপহরণের চেষ্টা: কালীগঞ্জে নারী গ্রেফতার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে সিআইডি পুলিশের ছদ্মবেশ ধারণ করে এক তরুণীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অপহরণের শিকার হন মোসাঃ সুমাইয়া আক্তার (১৯)। তিনি ওই এলাকার মোঃ শুকুর আলী ও মাকসুদা আক্তারের মেয়ে। সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের চান্দেরবাগে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে একদল ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে হাজির হয়। পরে তারা তরুণীকে গোপনে অবরুদ্ধ করে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
বাদী মাকসুদা আক্তারের অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিম সুমাইয়া আক্তারকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রাবেয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি বড়গাঁও গ্রামের ছাদেক ভূইয়ার স্ত্রী।
অন্যদিকে, মামলার আরেক আসামি হেলেনা আক্তার ওরফে আইভি (৩৮) ও তার সহযোগী চারজন পুরুষ এখনো পলাতক রয়েছেন। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় এফআইআর নং-২৭, তারিখ-১৯ অক্টোবর ২০২৫ এবং জি.আর. নং-২৭৮/২৫-এ মামলা রুজু করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হয়।
মামলার তদন্তভার পেয়েছেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।