মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশার তুলনায় অনেকটাই হতাশাজনক। পাসের হার সারাদেশের মধ্যে প্রায় তলানিতে নেমেছে। এ বছর বোর্ডে পাসের হার মাত্র ৫০ দশমিক ২০ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। তিনি জানান, নকলমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের ফলে প্রকৃত চিত্রটি ফুটে উঠেছে। যদিও অনেকেই একে ফল বিপর্যয় হিসেবে দেখছেন, বোর্ড কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ।
এ বছর যশোর বোর্ডের অধীনে ১০টি জেলার মোট ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৬ হাজার ৫০৯ জন কৃতকার্য হয়েছে এবং ৫ হাজার ৯৯৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—
-
বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ২১ হাজার ১৮০ জন, উত্তীর্ণ ১৫ হাজার ৯৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮১ জন।
-
মানবিক বিভাগে অংশ নেয় ৭৮ হাজার ৯৯৯ জন, উত্তীর্ণ ৩৪ হাজার ৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৯ জন।
-
ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৩৯৫ জন অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন।
ফলাফলের মান বিবেচনায় দেখা গেছে, জিপিএ-৪ থেকে ৫ এর নিচে পেয়েছে ১৯ হাজার ৩০ জন, জিপিএ-৩.৫ থেকে ৪ এর নিচে ১৪ হাজার ৩৬ জন, জিপিএ-৩ থেকে ৩.৫ এর নিচে ১১ হাজার ১৫৪ জন, জিপিএ-২ থেকে ৩ এর নিচে ৬ হাজার ১৫৮ জন এবং জিপিএ-১ থেকে ২ এর নিচে ১৩৬ জন শিক্ষার্থী।
জেলা ভিত্তিক ফলাফলে যশোর জেলা পাসের হারে শীর্ষে রয়েছে — ৫৮ দশমিক ২৫ শতাংশ। এরপর খুলনা ৫৩.৯৮, সাতক্ষীরা ৫২.৬৪, চুয়াডাঙ্গা ৫০.৩৫, কুষ্টিয়া ৪৮.৮৫, মেহেরপুর ৪৮.৫১, নড়াইল ৪৬.৪৬, ঝিনাইদহ ৪৫.০৭, বাগেরহাট ৪১.৮৫ এবং সর্বনিম্ন মাগুরা ৩৭.৪৬ শতাংশ।
বোর্ড চেয়ারম্যান বলেন, “ভেন্যু কেন্দ্র বাতিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ ছিল না। আমরা নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করেছি, তাই এবার ফলাফল বাস্তব চিত্র তুলে ধরেছে।”
তিনি আরও বলেন, “আগামীতে শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0