জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৫ বছর ধরে জনগণকে অর্থনৈতিক উন্নয়নের গালগল্প শোনানো হয়েছে। কিন্তু বাস্তবে শ্রমিক-কৃষকরা আজও বঞ্চিত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষকে উন্নয়নের নামে প্রতারণা করা হয়েছে। জনগণকে অর্থনৈতিক অগ্রগতির গালগল্প শোনানো হলেও বাস্তবে সেই উন্নয়ন কিছু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজকে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতীয় ঐকমত্যের নামে তারা একটি কাগজে সই করছে, যেন দেশবাসীকে আবারও বিভ্রান্ত করা যায়। আসলে তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। যারা সত্যিকারের জাতীয় ঐক্যের কথা বলে, তারা মাঠে, কারখানায়, কৃষিক্ষেতে শ্রমিক ও কৃষকের পাশে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “আজ ‘জুলাই সনদ’ নামে কিছু দল একত্র হয়ে যে তথাকথিত ঐকমত্য তৈরি করছে, সেটি আসলে জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য তখনই সম্ভব, যখন ছাত্র, শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষ দেশপ্রেম ও ন্যায়ের ভিত্তিতে একসঙ্গে লড়াই করবে।”
নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা। তিনি বলেন, “ওই অভ্যুত্থানে আমরা কোনো দলের ব্যানার দেখি নাই। সেখানে ছিল সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, শিক্ষক— যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।”
তার মতে, “আজও সেই একই লড়াই চলছে— গণতান্ত্রিক রূপান্তর ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার লড়াই। আমরা এমন এক সমাজ চাই, যেখানে ইনসাফ থাকবে, মানুষ মর্যাদা পাবে, শ্রমিকের ঘামকে সম্মান করা হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আজকের এই অনুষ্ঠানে জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ শুধু একটি সংগঠনের জন্ম নয়, এটি একটি ইতিহাস। কারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনই হবে প্রকৃত জাতীয় ঐক্যের ভিত্তি।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের দেশে শ্রমিকের জীবন আজও অবমূল্যায়িত। কল-কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে তার জীবনের মূল্য দেওয়া হয় মাত্র দুই থেকে তিন লাখ টাকা। অথচ তাদের পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা ঘোরে। এটি চরম অবিচার।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ও লুটপাটভিত্তিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেটি এখন পরিবর্তনের সময় এসেছে। ফ্যাসিবাদের সময়ে যারা দেশের সম্পদ লুট করেছে, তাদের বিচার হয়নি। বরং রাজনীতি ও প্রশাসনের আশ্রয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই অলিগার্কিক ব্যবস্থা ভেঙে দিতে হবে।
নাহিদ ইসলাম স্পষ্ট করে জানান, “আমরা সেই রূপান্তরের পথে আছি— একটি মানবিক, ইনসাফভিত্তিক সমাজ গঠনের পথে। যেখানে থাকবে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, শ্রমের যথাযথ মূল্যায়ন এবং জনগণের প্রকৃত অংশগ্রহণ।
তিনি আহ্বান জানান, “বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা সেই সব পরিশ্রমী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছে— তাদের ন্যায্যতার পক্ষে আমরা সবাইকে একত্রিত হতে হবে। এই সংগ্রাম কেবল রাজনৈতিক নয়, এটি ন্যায়ের ও মানবিকতার সংগ্রাম।
শেষে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি শ্রমিক ও সাধারণ মানুষের রাজনীতি করবে। আমরা চাই— উন্নয়ন শুধু পরিসংখ্যানের নয়, হোক মানুষের জীবনের বাস্তব পরিবর্তনের।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0