বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত | আই নিউজ বিডি

বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

News Desk  avatar   
News Desk
বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শাহানুর ইসলাম বাবু (২২)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের ছাত্র। দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৩) গুরুতর আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শাহানুর ও আরিফ মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

হঠাৎ প্রাণ হারানো এই কলেজ ছাত্রের মৃত্যুতে তার গ্রাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator