ঝালকাঠি: "শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও আজ ৫ই অক্টোবর ২০২৫, রবিবার, যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, ঝালকাঠি ও জেলা শিক্ষা পরিবার, ঝালকাঠির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
দিবসটির শুরুতে সকালে এক বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার অতিথিবৃন্দ
জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি, জনাব মোহাম্মদ আঃ জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* জনাব উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, ঝালকাঠি।
* প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি কলেজ।
* মিজ শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ঝালকাঠি।
* মুফতি মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যক্ষ, এন এস কামিল মাদ্রাসা, ঝালকাঠি।
দেশ গঠণে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান দেশ গঠণে শিক্ষকদের আরও বলিষ্ঠ ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকরাই পারেন একটি উন্নত জাতি গঠণে সঠিক দিকনির্দেশনা দিতে।
সভায় অন্যান্য বক্তারাও তাঁদের নিজ নিজ বক্তব্যে দেশ গঠণে শিক্ষকদের অনস্বীকার্য অবদান ও তাদের পেশাগত মর্যাদার কথা তুলে ধরেন। বক্তারা বর্তমান স্লোগান, "শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি"-এর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আরও উন্নতির আশা প্রকাশ করেন।
শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0