মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘মিথ্যা অপপ্রচার ও বিকৃত ভিডিও’র প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সাটুরিয়া ডাকবাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহমান বলেন, “একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিকৃত ভিডিও ফুটেজ ও মিথ্যা তথ্য প্রচার করে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”
তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় রয়েছেন।
আব্দুর রহমান বলেন, চলতি বছরের ৫ আগস্ট ‘জেলা বিপ্লব দিবস’ উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের কর্মী মাসুদ মাইক বন্ধের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় যুবদল নেতা আমীর হামজাকে হুমকি দেওয়া হলে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, “পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুরে আমি ব্যক্তিগত কাজে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ হঠাৎ আমার ওপর হামলা চালায়। পরে বিএনপির কর্মীরা আমাকে উদ্ধার করেন। কিন্তু ঘটনার প্রকৃত ফুটেজ না দেখিয়ে একটি পক্ষ উল্টো বিকৃত তথ্য প্রচার করছে।”
তার দাবি, সিসিটিভি ফুটেজকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। “কিছু ফেসবুক আইডি যাচাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, অথচ কোনো মূলধারার গণমাধ্যম তা প্রকাশ করেনি। এতে প্রমাণ হয়, এটি একটি পরিকল্পিত অপপ্রচার।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামানসহ কৃষক, শ্রমিক ও যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষাংশে আব্দুর রহমান ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান এবং দেশবাসীকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করেন।
অভিযুক্ত পক্ষের মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0