কটিয়াদীতে বিদ্যুতের চরম দুরবস্থা: আধাঘণ্টার বেশি থাকে না সংযোগ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুতের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মিনিক বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর আধাঘণ্টার বেশি স্থায়ী হয় না। এরপর দীর্ঘ সময় অন্ধকারে কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুতের এই নাজুক পরিস্থিতিতে মারাত্মক সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থরা। অনেকে হতাশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ আসলেও তারা নিশ্চিত থাকেন—৩০ মিনিটের বেশি থাকবে না।
বিদ্যুতের অস্থিরতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। রাতে বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অনলাইন ক্লাস ও মোবাইল চার্জ দেওয়ার সুযোগ থাকছে না। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন—ফ্রিজ, ফ্যানসহ বিদ্যুৎচালিত যন্ত্রপাতি চালাতে না পারায় দোকান ও ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় মানুষের জীবন অসহনীয় হয়ে উঠছে। ঘরে ফ্যান চলে না, পানির পাম্প চালানো যায় না, ফলে পানির সঙ্কটও দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মিনিক বিদ্যুৎ দেওয়ার নাম করে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আধাঘণ্টার মধ্যে বিদ্যুৎ চলে গেলে সেটি বিদ্যুৎ নয়, বরং মানুষের সঙ্গে উপহাস। তাই দ্রুত এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপ ও জরুরি পদক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী করবে, নইলে ভোগান্তি আরও চরম আকার ধারণ
করবে।