শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সাবেক নেতা মোশারফ হিমেল খান। তিনি সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা মোশারফ হিমেল খান বলেন, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি কখনোই সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, “সব ধর্মের মর্মবাণী হলো শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ ও রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বার্তা হলো হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে দমন করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। এই বাণী ধারণ করেই উৎসবের আনন্দ সবাইকে মিলেমিশে উপভোগ করতে হবে।”
মোশারফ হিমেল খান বলেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গোৎসব উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এ উৎসব সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়। যেকোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নিবিড় বন্ধন গড়ে তোলে।
তিনি বিগত কয়েক বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। তিনি অভিযোগ করে বলেন, “অবৈধ ও অগণতান্ত্রিক সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে। এসব হামলার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য ছিল না, বরং রাজনৈতিক ফায়দা হাসিল করাই ছিল আসল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”