পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার এখন জেন-জিদের বিক্ষোভে উত্তাল। নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর এবার পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে তরুণ প্রজন্মের নেতৃত্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজধানী আন্তানানারিভোতে সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বিক্ষোভে সরকারের পদত্যাগের দাবি জোরালোভাবে উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তৃতীয় দফার এ বিক্ষোভ শুরু হয় রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে, যেখানে শত শত তরুণ-তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সংগীত গাইতে গাইতে জড়ো হন। এরপর তারা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক অবরোধ ও ব্যারিকেড তৈরি করেন। ইট-পাথর ও টেলিফোন খুঁটি দিয়ে বানানো এসব ব্যারিকেড সরাতে এবং বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে এবং প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। ২০২৩ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর এটাই প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন।
প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার এক বক্তৃতায় স্বীকার করেন যে, তার সরকারের শাসন ব্যবস্থায় কিছু ভুল হয়েছে। তিনি বলেন, “যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি।
এ বিক্ষোভ শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক আন্দোলনের ধারাবাহিকতাও বহন করছে। আফ্রিকার কেনিয়া ও এশিয়ার নেপালে জেন-জিদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরাও তাদের কণ্ঠ তুলেছে। এমনকি তারা নেপালের আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করে প্রতিবাদে অংশ নিচ্ছে। উল্লেখ্য, নেপালে জেন-জিদের আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
মাদাগাস্কারের রাজধানীতে এখন প্রতিদিনই উত্তেজনা বাড়ছে। টেলিভিশন চ্যানেল ২৪২৪ এমজির প্রচারিত ফুটেজে দেখা গেছে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাড়ছে এবং প্রতিদিনই নতুন করে তরুণরা রাস্তায় নামছে। সরকারের বিরুদ্ধে অসন্তোষ এখন সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষও পানি ও বিদ্যুৎ সংকটসহ মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনায় সরব।
জেন-জিদের এই আন্দোলন এখন শুধুই বিক্ষোভ নয়, বরং একটি রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নিচ্ছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে মাদাগাস্কার যে নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে, সেটি এখন সারা বিশ্বের নজর কেড়েছে।