সালথা (ফরিদপুর), ২৯ সেপ্টেম্বর:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এসব উপহার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।
পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করেন। পূজা মণ্ডপে এসে উপহার প্রদান সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহার তুলে দেন শামা ওবায়েদ। উপহার পেয়ে পূজারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরে শামা ওবায়েদ সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।