নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে তৎপর বিএনপি | আই নিউজ বিডি

নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে তৎপর বিএনপি

Mamun Sorder  avatar   
Mamun Sorder
নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে তৎপর বিএনপি
নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে তৎপর বিএনপি
ছবি: সংগৃহীত
As Bangladesh approaches its 13th national election, BNP rushes to rebuild its organizational strength. Yet, despite grassroots enthusiasm, internal conflicts and inactive wings raise doubts about the..

বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি, দীর্ঘ ১৯ বছর ধরে রাষ্ট্রক্ষমতার বাইরে। পঞ্চম ও ষষ্ঠ সংসদে এককভাবে এবং অষ্টম সংসদে জোটগতভাবে ক্ষমতায় ছিল এই দলটি। এরপর পেরিয়ে গেছে দেড় যুগেরও বেশি সময়। এ সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে নাটকীয় পরিবর্তন, স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের গণঅভ্যুত্থানও ঘটেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন নতুন করে দলকে সংগঠিত করতে মরিয়া বিএনপি। ইতোমধ্যে দলটি দেশের অন্তত ৫০ শতাংশ সাংগঠনিক জেলায় কাউন্সিল সম্পন্ন করেছে। ঢেলে সাজানো হচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন ড্যাব (চিকিৎসক) ও এ্যাব (প্রকৌশলী)। এতে তৃণমূল পর্যায়ে কিছুটা চাঙাভাব দেখা গেলেও দলটির অভ্যন্তরীণ বিরোধ এবং দীর্ঘদিন ধরে অচল থাকা ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কারণে বাড়ছে হতাশা। কেউ কেউ আবার অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন, যা দলের ভাবমূর্তির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করলেও একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে ভোটের আগের রাতে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের দিনই লড়াই থেকে সরে দাঁড়ায় দলটি। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যে সাংগঠনিক কাঠামো সুসংহত করা এবং তৃণমূল ভোটারদের কাছে পৌঁছানোর প্রচার কার্যক্রম জোরদার করছে বিএনপি।

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পর এখন জেলা পর্যায়েও উৎসবমুখর পরিবেশে চলছে বিএনপির কাউন্সিল। দীর্ঘ দেড় দশক ধরে যে জেলাগুলোতে বিএনপির কার্যক্রম ছিল প্রায় স্থবির, সেসব স্থানেও এখন মানুষের ঢল নেমেছে দলীয় আয়োজনে। তবে নতুন কাউন্সিলে পুরনো নেতৃত্বের আধিপত্যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে দলীয় ভেতরে। এমনকি পিরোজপুরে ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ফলাফল বাতিল করতে বাধ্য হয়েছে দলটি।

পেশাজীবী সংগঠনগুলোর মধ্যেও নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। চিকিৎসকদের সংগঠন ড্যাবের কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলেও প্রকৌশলীদের সংগঠন এ্যাবে গুরুত্ব পেয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা ও নিষ্ক্রিয় কিছু নেতা। এমনকি বিএনপির রাজনীতির কারণে সরকারি চাকরি হারানো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন পর্যন্ত জায়গা পাননি এ্যাবের নেতৃত্বে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— সাংগঠনিক তৎপরতা বিএনপিকে শক্তিশালী করছে, নাকি অভ্যন্তরীণ বিভক্তিকে আরও তীব্র করছে? এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি মন্তব্য না করে বলেছেন, রাষ্ট্রীয় নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, গণতন্ত্রের স্বার্থে ফলাফল মেনে নিতেই হয়। আর খুব বড় কোনো অপরাধীকে দলীয় পদ বা পেশাজীবী সংগঠনের নেতৃত্বে আনা হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের বাকি মাত্র চার মাস থাকলেও বিএনপির স্থবির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সচল করার তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। মুক্তিযোদ্ধা দল ও শ্রমিক দলের মতো সংগঠনগুলোর কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় ছয় বছর আগে।

বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে না পারলে বিএনপি বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাই সময় খুব কম, এবং এখনই সংগঠন পুনর্গঠন ও অভ্যন্তরীণ বিভাজন নিরসনে মনোযোগী হওয়াই বিএনপির জন্য সবচেয়ে জরুরি কাজ।

No se encontraron comentarios


News Card Generator