ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: বিএনপি মহাসচিব | আই নিউজ বিডি

ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: বিএনপি মহাসচিব..

Mamun Sorder  avatar   
Mamun Sorder
ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: বিএনপি মহাসচিব..
ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: বিএনপি মহাসচিব..
ছবি: সংগৃহীত
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir praised Dr. Muhammad Yunus as a visionary leader, saying he sees the reflection of late President Ziaur Rahman’s ideals in Yunus’s leadership.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নমূলক কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে ড. ইউনূস যে নজির স্থাপন করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। বিশ্ববাসী এখন প্রত্যক্ষ করছে, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা। দুনিয়াজুড়ে তার সুনাম রয়েছে, আর তিনি দেশকে এমন এক কাঙ্ক্ষিত মানে দেখতে চান যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সঙ্গে মিলে যায়। “আমি ড. ইউনূসের মধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই,” বলেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী পাঁচ মাসের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে দলই সরকার গঠন করুক না কেন, তারা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। এতে তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আলোকপাত করেন।

আশিক চৌধুরী প্রবাসীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিশদভাবে জানান।

অনুষ্ঠানে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও তিনজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনার সঞ্চালনা করেন। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান।

অনুষ্ঠানজুড়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, উন্নয়নের দিকনির্দেশনা ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয়। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন, ড. ইউনূসের নেতৃত্বে দেশ আবারও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

Geen reacties gevonden


News Card Generator