বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতার মুখোমুখি দেশ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন পদ্ধতি নিয়ে জামায়াতের অবস্থান বিএনপির বিপরীতে থাকায় পুরোনো মিত্রতা এখন প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত নতুন করে আলোচনায় এলেও জনমনে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, জামায়াত যতই সুসংগঠিত হোক না কেন, তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জেতা প্রায় অসম্ভব।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে মির্জা ফখরুল বলেন, “জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং সেটা তারা করবেই। তবে বাস্তবে জনগণের মধ্যে তাদের প্রভাব খুব বেশি নেই। আমি মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি — প্রভাব খুব বেশি একটা নাই।”
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় নিষ্ক্রিয় থাকায় জামায়াত আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানে আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেটিই নির্বাচনী সাফল্য নিশ্চিত করতে যথেষ্ট নয় বলে মনে করেন ফখরুল।
তার মতে, জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের সুসংগঠিত কাঠামো এবং পর্যাপ্ত তহবিল। “জামায়াত খুব সংগঠিত, রেজিমেন্টেড রাজনৈতিক দল। তাদের যথেষ্ট ফান্ডও আছে, এটা নিঃসন্দেহে তাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু জনগণের কাছে গিয়ে নির্বাচনে পুরোপুরি জিতে যাবে — এমনটা আমি মনে করি না,” বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ডানপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা চলছে, বাংলাদেশও সেই বৈশ্বিক প্রবণতা থেকে বিচ্ছিন্ন নয়। তবে এই প্রচেষ্টা ভোটের মাঠে কতটা সফল হবে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। “ডানপন্থার ঢেউ বাংলাদেশেও আসছে, কিন্তু তা যে নির্বাচনী সাফল্যে রূপ নেবে, এমন কোনো নিশ্চয়তা নেই,” বলেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও কথা বলেন ফখরুল। তিনি জানান, “তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন এবং দলের নেতৃত্বে তিনি থাকবেন।”
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াতের সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিচ্ছে। মির্জা ফখরুলের মন্তব্যে স্পষ্ট, সুসংগঠিত কাঠামো থাকা সত্ত্বেও জনগণের সমর্থন অর্জন করা জামায়াতের জন্য সহজ হবে না।