ভারতের তামিলনাড়ু রাজ্যে অভিনেতা ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান বিজয় থালাপতির বিশাল সমাবেশে পদপিষ্ট হয়ে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার কারুর জেলায় আয়োজিত এই সমাবেশে হাজার হাজার সমর্থক ও কর্মী ভিড় জমান। হঠাৎ জনতার মধ্যে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হলে শিশুসহ অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলেও অনেকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে দুইজন মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কী কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্যের সব হাসপাতালকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয় থালাপতির বক্তৃতার সময় হঠাৎ করেই জনতার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। অনেকে আতঙ্কে চিৎকার করে পুলিশকে সাহায্যের আহ্বান জানান। বিজয় নিজেও বক্তৃতা থামিয়ে দর্শকদের দিকে পানি ছুড়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নেওয়া শুরু হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই সমাবেশে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। বিজয়ের আগমন ছয় ঘণ্টারও বেশি দেরি হওয়ায় ভিড় ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, “কারুর থেকে আসা এই খবর অত্যন্ত দুঃখজনক। আমি জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছি এবং স্বাস্থ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে বলেছি। সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
এই প্রথম নয়, বিজয়ের রাজনৈতিক সমাবেশে বিশৃঙ্খলার ঘটনা আগেও ঘটেছে। মাসের শুরুতে ত্রিচিতে তার এক সমাবেশে বিমানবন্দর থেকে অনুষ্ঠানের স্থানে পৌঁছাতে তার কনভয়কে ঘিরে বিপুল জনতা জড়ো হয়েছিল। ২০ মিনিটের যাত্রা তখন ছয় ঘণ্টার যানজটে পরিণত হয়েছিল, যা পুরো শহরকে অচল করে দেয়।
নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে পুলিশ এই সমাবেশের জন্য ২৩টি শর্ত আরোপ করেছিল। এর মধ্যে ছিল কনভয় সীমিত রাখা, জনসাধারণের স্বাগত অনুষ্ঠানে যোগ না দেওয়া, এবং গর্ভবতী নারী, প্রবীণ ও প্রতিবন্ধীদের অনলাইনে অনুষ্ঠানটি অনুসরণ করার পরামর্শ। তবুও বিজয়ের বারবার আহ্বানের পরও অনেক সমর্থক এসব নির্দেশ অমান্য করেছেন এবং এমনকি শিশুসহ পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন।
এই ঘটনার পর জননিরাপত্তা ও রাজনৈতিক নেতাদের দায়িত্ব নিয়ে আদালতও কঠোর পর্যবেক্ষণ দিয়েছে। মাদ্রাজ হাইকোর্ট বিজয়ের আগের সমাবেশের বিশৃঙ্খলার কথা স্মরণ করে প্রশ্ন তুলেছে, “যদি বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে দায়ভার কে নেবে?” আদালতের মতে, দলের সভাপতি হিসেবে বিজয়ের দায়িত্ব ছিল জনতাকে নিয়ন্ত্রণে রাখা।
কারুরের এই ট্র্যাজেডি শুধু টিভিকে দলের প্রস্তুতি নয়, পুলিশের পরিকল্পনাকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিজয়ের আগমনের বিলম্ব কি এই ঘটনার জন্য আংশিক দায়ী? নাকি ইচ্ছাকৃতভাবে তার জনপ্রিয়তা প্রদর্শনের জন্য ভিড়কে নিয়ন্ত্রণে আনা হয়নি? নিহতদের পরিবারের সদস্যরা আজ শোকে মূহ্যমান। বিজয় এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
বিশ্লেষকরা বলছেন, তামিলনাড়ুর এই পদপিষ্টের ঘটনা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় প্রশ্ন রেখে গেল। নিরাপত্তা ও জননিয়ন্ত্রণের বিষয়ে রাজনৈতিক নেতাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। এই দুর্ঘটনা বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রার জন্যও একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।