জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শুক্রবারের অধিবেশনে শতাধিক কূটনীতিক তার বক্তব্যের সময় সভাকক্ষ ত্যাগ করেন, যা ইসরাইলের প্রতি বৈশ্বিক অসন্তোষ ও বিচ্ছিন্নতার শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আজ দুষ্ট জায়নিস্ট শাসনব্যবস্থাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা।” তিনি আরও বলেন, জাতিসংঘের এই ঘটনাই প্রমাণ করে যে ইসরাইলের নৃশংস নীতির বিরুদ্ধে আজ বিশ্ব এক কণ্ঠে অবস্থান নিয়েছে।
নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার আগেই বহু দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে যান। এই দৃশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ইসরাইলের অবস্থান কতটা দুর্বল হয়ে পড়েছে, তারই প্রতিফলন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে খামেনি লেখেন, “শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।
জাতিসংঘের তথ্য অনুসারে, ইসরাইলের চলমান গণহত্যামূলক অভিযানের ফলে এখন পর্যন্ত দুই লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক ইসরাইলি সামরিক গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সালের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের প্রায় ৮০ শতাংশই ছিলেন সাধারণ নাগরিক।
গাজার পরিস্থিতি বর্তমানে মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের প্রভাবে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যেই জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনা ইসরাইলের প্রতি বৈশ্বিক অবস্থানের দিক নির্দেশ করছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঐতিহাসিক বর্জন ইঙ্গিত দিচ্ছে যে ইসরাইল আজ কেবল মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বের চোখে একটি বিচ্ছিন্ন ও ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চে এমন প্রকাশ্য বর্জন ইসরাইলের নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধ এবং ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতি আন্তর্জাতিক বিরোধিতার প্রমাণ বহন করছে।
বিশ্বজুড়ে অনেকেই মনে করছেন, এটি কেবল একটি ভাষণ বর্জন নয়, বরং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত প্রতিবাদের প্রতীক। এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দেশগুলো জানিয়ে দিয়েছে, নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো হত্যাযজ্ঞের দায় এড়াতে পারবে না ইসরাইল।