মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।এ বছর উপজেলায় মোট ১১৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির কাজ ও সাজসজ্জা প্রায় শেষ পর্যায়ে, আগামী শনিবারের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে।উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারক করছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম, শাহজীবাজার আর্মি ক্যাম্প কমান্ডার ও সেনা সদস্যরা, মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তারা আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।প্রশাসনের পক্ষ থেকে পূজারীদের অনুরোধ জানানো হয়েছে— কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য।উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।