নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কাশাদহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০২৫। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সমাবেশে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “কাশাদহ গ্রামে আমি প্রথমবার এসেছি। এতদিন থানার কোনো ওসি এখানে আসেননি। মানুষের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, তাদের সমস্যা শুনেছি। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।”
গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন পর থানার ওসিকে প্রত্যন্ত এলাকায় পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। তারা মনে করেন, পুলিশের এমন উদ্যোগ ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলবে।
আয়োজকরা জানান, এ ধরনের সভা-সমাবেশের মাধ্যমে গ্রামবাসী একত্রিত হয়ে সামাজিক অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।