কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বিএনপি প্রতিহত করবে - খন্দকার নাসিরুল ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বিএনপি প্রতিহত করবে - খন্দকার নাসিরুল ইসলাম..

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বিএনপি প্রতিহত করবে - খন্দকার নাসিরুল ইসলাম..
কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বিএনপি প্রতিহত করবে - খন্দকার নাসিরুল ইসলাম..
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “আমরা হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই হয়ে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয় না, তবে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন কেন? এদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। সবাই সমান নাগরিক। নিজেদের দুর্বল ভাবলে হবে না, নিজেদের প্রতিরক্ষা নিজেরাই গড়ে তুলতে হবে। প্রয়োজনে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐতিহ্যবাহী জনপদ। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ উৎসব উদযাপনে সব ধরনের সহযোগিতা করা হবে। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করবে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমি হলরুমে আয়োজিত মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে খন্দকার নাসিরুল ইসলাম উপজেলার মোট ১২২টি পূজা মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আ. কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান ও আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহ-সম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ।

No se encontraron comentarios


News Card Generator