বলিউডের আলোচিত নায়িকা রাশমিকা মান্দানা দিন দিন জনপ্রিয়তায় আকাশ ছুঁয়ে যাচ্ছেন। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড পর্যন্ত তার দাপুটে উপস্থিতি তাকে আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকার কাতারে তুলে ধরেছে। রূপ, অভিনয় ও ফিটনেসে অনন্য এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের আগ্রহ সব সময়ই তুঙ্গে থাকে। বিশেষ করে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বহুগুণে বেড়েছে। তেলেগু সিনেমায় অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই রাশমিকা দর্শকদের হৃদয় জয় করেছেন।
তবে সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে রাশমিকার নাম। কারণ, দেশের একজন বিশিষ্ট ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা এক ওয়াজ মাহফিলে রাশমিকার সৌন্দর্যকে সৃষ্টিকর্তার সৃষ্টির অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলেন। তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মুফতি আমির হামজা বলেন— “এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে, আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন ১৫৭টি রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখবেন কী সুন্দরভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন।” একই সঙ্গে তিনি আরো বলেন, “এর চেয়ে শতগুণ বেশি সুন্দর ছিলেন আমাদের আদি মাতা হাওয়া (আ.)।”
তার এই বক্তব্যকে কেন্দ্র করে তখনও আলোচনা হয়েছিল। অনেকেই ইতিবাচকভাবে নিয়েছিলেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছিলেন। পরে এ বিষয়ে আমির হামজা দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ওয়াজের ভিডিওটি আবারও ভাইরাল হয়েছে। ফলে বিষয়টি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ভিডিওটি ভাইরাল হতেই অনেকে নানা ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন, একজন ধর্মীয় বক্তার কণ্ঠে বলিউড অভিনেত্রীর নাম উঠে আসা অস্বাভাবিক। আবার কেউ বলছেন, তিনি শুধু উদাহরণ টানতে গিয়ে বিষয়টি উল্লেখ করেছেন, তাতে আপত্তির কিছু নেই। বিতর্ক যতই থাকুক না কেন, ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
অন্যদিকে, রাশমিকা মান্দানা ইতিমধ্যেই নিজেকে বলিউড ও দক্ষিণী সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে কোটি ভক্ত মুগ্ধ। ভারতের আঞ্চলিক সিনেমা থেকে শুরু করে এখন তিনি বিশ্বজুড়ে আলোচিত। সিনেমার ভেতরে ও বাইরে, সর্বত্রই তার উপস্থিতি ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
এমন সময় মুফতি আমির হামজার সেই বক্তব্য আবারও ভাইরাল হওয়ায় রাশমিকাকে ঘিরে আলোচনা যেন আরও রঙিন হলো। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তুমুল আলোচনা চলছে।
ফলে বলিউডের পর্দা থেকে শুরু করে ধর্মীয় ওয়াজ মাহফিল— সর্বত্রই আলোচনার ঝড় তুলছেন এই দক্ষিণী কুইন। রাশমিকাকে ঘিরে এমন ভাইরাল কনটেন্ট হয়তো ভবিষ্যতেও জনমনে জায়গা করে নেবে।