কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিয়ে জননিরাপত্তা বিঘ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়।
তিনি জানান, ঘটনাটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা জনমনে আরও উদ্বেগ সৃষ্টি করে।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি সেলিম বলেন, ‘দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই তারা এই মিছিল করেছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’