গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার পলাতক আসামি নবীর শিকদার (৩৫) কে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানাসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মোট ৩১টি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীর শিকদারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর নবীর শিকদারের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0