চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর চালানো অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরাও রয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর হালিশহর ও ডবলমুরিং থানার সীমান্তবর্তী এলাকায় ছাত্রলীগ কয়েক সেকেন্ডের জন্য একটি ঝটিকা মিছিল বের করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর শুক্রবার রাত এবং শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:
মো. ইমরানুল হক রোমান, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসেন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, মো. সাইদুল ইসলাম ও হাজী মো. নুরুল হুদা।
ওসি বাবুল আজাদ আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে শ্রমিক লীগের নেতাকর্মীরাও রয়েছেন, যারা ছাত্রলীগের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।