বান্দরবানে ইউপি সদস্যদের স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বান্দরবানে ইউপি সদস্যদের স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ..

MD Hasan avatar   
MD Hasan
বান্দরবানে ইউপি সদস্যদের স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ..
বান্দরবানে ইউপি সদস্যদের স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ..
ছবি: সংগৃহীত
ছবির ক্যাপশন: বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সুয়ালক এলাকার শতাধিক মানুষ।..

বান্দরবান প্রতিনিধি: মোঃ হাসান | ১৭ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুর ছবুর ও ২নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন প্রকৃত গরিবদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে ধনীদের নাম তালিকাভুক্ত করছেন। আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ দাবি করা হচ্ছে। এছাড়া অবৈধ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও তোলা হয়।

প্রতিবন্ধী নুরুল কবির বলেন, “আমি সরকারের কাছ থেকে একটি আশ্রয়ণ ঘর পেয়েছিলাম। কিন্তু ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য ৬০ হাজার টাকা দাবি করেন। আমি ২০ হাজার টাকা দেওয়ার পর কাজ শুরু হলেও বাকি টাকা না দেওয়ায় ঘরটি অসমাপ্ত পড়ে আছে।”

আরেক ভুক্তভোগী ইসলাম খাতুন বলেন, “আমার নামে একটি ঘর বরাদ্দ হয়েছিল। কিন্তু ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় আমি এখনও ঘরটি পাইনি।”

অন্য ভুক্তভোগী মো. সিরাজ অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ হলেও কোনো সরকারি সুবিধা পাই না। বরং সব সুবিধা ধনী ও প্রভাবশালীদের দেওয়া হয়েছে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সিংমাইনু তঞ্চঙ্গা, মো. বাহার, সিরাজুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Nenhum comentário encontrado


News Card Generator