আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ২৯তম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন বাবু বলেন, “দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন অপরিহার্য। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “সরকারি দলের নেতাকর্মীরা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিচ্ছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।”
অনুষ্ঠানে দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। একাদশ শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।