শনিবার বেলা ১২ টার দিকে সুন্দরবনের কচিখালী ডিমেরচর সমুদ্রে গোসল করতে নেমে ওই পর্যটক যুবক নিখোঁজ হয়। নিখোঁজ পর্যটকের বাড়ী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী চালাচ্ছেন বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ এমভি দি এক্সপ্লোরার” শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। এসময় পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ ষ্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষনিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তাকে উদ্ধার করতে পারেনি। ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজ ”এমভি দি এক্সপ্লোরার” শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে বনরক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
|| মাহফুজুর রহমান বাপ্পী||