বান্দরবান প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২৫
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বান্দরবানে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের প্রধান সড়ক থেকে জেলা মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. নাছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা। এসময় জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। তিনি তখনই উপলব্ধি করেছিলেন, জাতীয় রাজনীতিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান অংশগ্রহণ অপরিহার্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আদায় ও সংগ্রামে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সমাবেশে আরও বলা হয়, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের সক্রিয় ভূমিকা অতীব প্রয়োজন। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দল ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে কাজ চালিয়ে যাবে।