গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ‘স্বেচ্ছাসেবক দলের ব্যানার’ টাঙিয়ে দোকান দখল করে নেওয়ার পর থেকে ভুক্তভোগী পরিবার হুমকি-ধমকির মুখে জীবন সংকটে পড়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুল ইসলাম ফালান। এসময় তার স্ত্রী আখি আক্তার ও মা উপস্থিত ছিলেন।
সাইদুল ইসলাম অভিযোগ করেন, তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুর রশিদ খলিফা ২০০৫ সালে মালেক নামে এক ব্যক্তির কাছ থেকে এরশাদনগর বড়বাজার এলাকায় দোকানঘর কিনে ডেকোরেটরের ব্যবসা শুরু করেন। ২০১২ সালের পর থেকে দোকানটি বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে ব্যবসায়ী পরিচয়ে দোকানটি ভাড়া নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া।
কিন্তু চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দোকান দখলের পরিকল্পনা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল চৌধুরী, ৪৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিল ও বিএনপি নেতা নুরুল ইসলাম।
সাইদুল ইসলাম দাবি করেন, থানায় অভিযোগ করার পর থেকেই তারা হুমকির মুখে রয়েছেন। এমনকি ভয়ে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছে তাদের পরিবার। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “আমাদের মালিকানাধীন সম্পত্তি অবৈধভাবে দখল করে রাজনৈতিক ক্ষমতার বলয়ে ফেলার চেষ্টা চলছে।”
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দখলবাজি ও ভয়ভীতি এখন টঙ্গীর সাধারণ মানুষের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে।