বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রত্যাশীদের মতামত উপেক্ষা করে একক একজন ব্যক্তিকে মঞ্চে সমর্থন জানানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা ১৯ আসনের ঢাকা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
এক বিবৃতিতে ঢাকা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, “দলীয় সিদ্ধান্ত ছাড়া কোনো একক প্রার্থীর পক্ষে প্রতীক ব্যবহারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো সম্পূর্ণ অনৈতিক এবং শৃঙ্খলা ভঙ্গের শামিল। এটি বিএনপির গঠনতন্ত্র ও সাংগঠনিক নির্দেশনার পরিপন্থী।”
তিনি বলেন, “বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কোনও স্থান নেই। আমি আশা করি দলীয় হাইকম্যান্ড এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
তিনি আরো বলেন , "এটি দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলার চরম লঙ্ঘন। দলীয় প্রতীক ধানের শীষ ব্যবহার করে আজকের মতবিনিময় সভায় একক ব্যক্তিকে সমর্থন জানানো বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।"
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এভাবে কারও পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো সংগঠনের ঐক্য বিনষ্টের অপচেষ্টা।
স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেন, দলীয় প্রতীক ব্যবহার করে অনুমোদনহীনভাবে কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালানো সম্পূর্ণ অনৈতিক।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।