বান্দরবান প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২৫
বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান ও নিলামের পরও থামেনি অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র ইউএনওর নাম ভাঙিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। এতে আতঙ্কে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সুয়ালক কাইচতলীতে অভিযান চালিয়ে ৭টি বালু টাল জব্দ করা হয়। পরে ৭ আগস্ট উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। তবে স্থানীয় প্রভাবশালী জাহেদের ভয়ভীতি প্রদর্শনের কারণে অনেকেই নিলামে অংশ নেননি। শেষ পর্যন্ত এক গৃহবধূ রোজিনা আক্তারের নামে নিলাম সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, প্রকৃত অর্থে নিলামের টাকা পরিশোধ করেছেন জাহেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বালু ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিলেও এখনো তা সরানো হয়নি। বরং প্রতিদিন নতুন করে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, কাইচতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. হোসেন ওরফে জাহেদ (২৮) এবং সুয়ালক ইউনিয়ন যুবদল নেতা মৃত আব্দুস সামাদের ছেলে আবু বক্কর(৩৮) ইউএনওর নাম ব্যবহার করে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন।
ভুক্তভোগী নজরুল ইসলাম কালু বলেন, “ভালোভাবে বালু তুলতে হলে ২ হাজার টাকা দিতে হবে, না হলে এক টালও তুলতে পারবো না। গরীব মানুষ হয়েও টাকা দিতে বাধ্য হয়েছি।”
অন্য ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, “আমার কাছ থেকেও টাকা দাবি করা হয়েছে, তবে আমি দেইনি।”
অভিযোগ সম্পর্কে জাহেদ ফোনে জানান, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে। তবে অপর অভিযুক্ত আবু বক্কর প্রথমে অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার বিষয় স্বীকার করেন। তিনি দাবি করেন, “এই টাকা তাদের জন্যই নেওয়া হয়েছে, যাদের বালু জব্দ হয়েছিল। ক্ষতিগ্রস্তদের হাতে টাকা ফেরত দেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।”
স্থানীয়দের মতে, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ হবে না। এতে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে।