বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘গত ১৭ বছর উন্নয়নের কথা বলে বিদেশ থেকে টাকা এনে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা দেশকে শ্মশান বানিয়ে পালিয়েছেন। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সেই ঋণ পরিশোধ করতেই হিমশিম খেতে হবে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-১ আসন থেকে পুনরায় সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
আওয়ামী লীগের শাসনামলের নানা সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শেখ হাসিনা লুটপাটের মাধ্যমে পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। এখন কার্ডের মাধ্যমে সেই বিদ্যুৎ কিনতে হয়। ১০০ টাকার বিদ্যুৎ কিনলে মিটারে উঠে ৭০ টাকা।
এভাবে সাধারণ মানুষও তাদের রোষানল থেকে মুক্ত ছিল না।’
বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।