রোববার (৩১ আগস্ট) রাতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) নিশ্চিত করে জানায়, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বলেন,
“উর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনা অনুযায়ী এই বদলি কার্যকর করা হয়েছে।”
তবে অভ্যন্তরীণ সূত্র ও স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকায় টঙ্গীতে মাদক কারবারের বিস্তার ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই বদলির এই সিদ্ধান্ত ত্বরান্বিত হয়েছে। যদিও পুলিশ সদর দপ্তর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এই হঠাৎ সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে নানা জল্পনা তৈরি করেছে। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা—শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ জনপদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দুই ওসিকে একযোগে সরিয়ে দেওয়া—নিশ্চিতভাবেই টঙ্গীর নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক কৌশল নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।