জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত ফিন্যান্স প্রিমিয়ার লিগ (FPL) ২০২৫ অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। শনিবার, ৩০ আগস্ট, ঢাকার ডেমরায় অবস্থিত শামসী স্পোর্টস গ্যালারিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে মোট ছয়টি দল অংশগ্রহণ করে, যথাক্রমে ফিন্যান্স ১৯, ১৮, ১৭, ১৬, ১৫ এবং অ্যালামনাই।
এই টুর্নামেন্টের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এস.কে. আলমগীর হোসেন, অধ্যাপক ড. নাফিসা রওনক, সহকারী অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান এবং সহকারী অধ্যাপক ইমরান হোসাইন। তাদের দক্ষ পরিচালনায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনালে, ফিন্যান্স ১৫তম ব্যাচ উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে ফিন্যান্স ১৭তম ব্যাচকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের সমন্বয় ও দৃঢ় মনোবল তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল। ফিন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল বলেন, "আলহামদুলিল্লাহ, ফিন্যান্স প্রিমিয়ার লিগ ২০২৫ সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। অংশগ্রহণকারী সব ব্যাচ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার হয়েছে এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে।"
তিনি আরো বলেন, "FPL শুধু প্রতিযোগিতা নয়, বরং ব্যাচগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের দলগত চেতনা গড়ে তোলার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।"
টুর্নামেন্টের আয়োজনে অ্যালামনাইর সক্রিয় সমর্থন ও উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের উৎসাহ এবং অ্যালামনাইদের আন্তরিক উপস্থিতি টুর্নামেন্টকে করেছে প্রাণবন্ত ও আকর্ষণীয়। অংশগ্রহণকারী সকল ব্যাচকে আয়োজক ১৫ ব্যাচ এবং অ্যালামনাইরা ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট সমাপ্ত করেন।
এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও দলগত চেতনা গড়ে উঠেছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও বেশি প্রচলিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।