শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
বাংলাদেশ কোস্টগার্ড সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই '২৫) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই '২৫) বিকাল ৪টার দিকে কোস্টগার্ডের পশ্চিমজোন কৈখালীর একটি আভিযানিক দল মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আভিযানিক দল আত্মসমপর্ণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঐ ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান সুন্দরবনের দিকে।
ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও জানান, দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং অপরাধমূলক কার্যক্রম রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অভিযানের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা কোস্টগার্ডের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এটি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা বাড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সুন্দরবনের মতো অঞ্চলগুলোতে অস্ত্র ও মাদক চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অভিযান চোরাচালান নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং স্থানীয় নিরাপত্তার মান উন্নত করবে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও বিস্তৃতভাবে পরিচালিত হলে দেশের নিরাপত্তা ব্যবস্থাও আরও মজবুত হবে।