ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কালিগঞ্জ বাজারের ‘মোল্লা মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিতে চেম্বার খুলে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। তিনি ‘ডা. মো. ফরহাদ’ নামের এক প্রকৃত চিকিৎসকের পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি কার্ড তৈরি করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
জাতীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরে আনলে ইউএনও তা আমলে নেন এবং এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে অভিযান চালান। অভিযানে অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ চিকিৎসা সনদ উপস্থাপন করতে না পারায় এবং তার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ মিললে তাকে আইন অনুযায়ী দণ্ডিত করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি সাধারণ মানুষকে ঠকিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। প্রশাসনের এই কার্যকর পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।