যশোরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে কোপে আহত হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শারমিন (৩৫)। তিনি কোতোয়ালী থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা ও শিমুল হোসেনের স্ত্রী। বর্তমানে পরিবারসহ সাহারুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকালে, আনুমানিক ১১টা ১৫ মিনিটে। পারিবারিক বিরোধের জেরে শারমিনের আপন বড় ভাই খোকন মোল্লা (৪৫), পিতা কাসেম মোল্লা, তার স্বামীকে লক্ষ্য করে হাসুয়া দিয়ে আক্রমণ চালান। তখন শারমিন ভাইকে বাধা দিতে গেলে তিনি নিজের বোনকেই কোপ দেন। এতে শারমিন গুরুতরভাবে রক্তাক্ত জখম হন।
পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় শারমিন মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহ কী কারণে এতটা চরমে পৌঁছেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত খোকন মোল্লাকে আটক করার জন্য পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0