রিয়ালের ‘নম্বর টেন’: মদ্রিচের পর কার গায়ে উঠবে ঐতিহাসিক জার্সিটি?.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রিয়ালের ‘নম্বর টেন’: মদ্রিচের পর কার গায়ে উঠবে ঐতিহাসিক জার্সিটি?..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রিয়ালের ‘নম্বর টেন’: মদ্রিচের পর কার গায়ে উঠবে ঐতিহাসিক জার্সিটি?..
রিয়ালের ‘নম্বর টেন’: মদ্রিচের পর কার গায়ে উঠবে ঐতিহাসিক জার্সিটি?..
ছবি: সংগৃহীত
ক্লাব বিশ্বকাপ শেষ হতেই রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১২ বছরের অধ্যায় শেষ করে এসি মিলানে পাড়ি জমিয়েছেন লুকা মদ্রিচ। তার বিদায়ে শুধু একটা অধ্যায়েরই পরিসমাপ্তি হয়নি, শূন্য হয়ে গেছে সান্তিয়াগো বার্নাব্যুর ..

রিয়ালের ১০ নম্বর জার্সিটি শুধুই একটা নম্বর নয়, বরং এটা এক ঐতিহ্যের ধারক। লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, ওয়েসলি স্নেইডার, মেসুত ওজিল কিংবা ফেরেঙ্ক পুসকাস—তালিকাটা যেমন দীর্ঘ, তেমনি গৌরবময়। তাদের উত্তরসূরি হিসেবে ২০১৭-১৮ মৌসুমে হামেস রদ্রিগেজের কাছ থেকে এই জার্সি বুঝে নিয়েছিলেন লুকা মদ্রিচ। এরপর আট মৌসুম ধরে এই ক্রোয়াট কিংবদন্তি জার্সিটির মর্যাদা তুলে ধরেছেন মাঠে তার অসামান্য পারফরম্যান্স দিয়ে।

তবে এখন বড় প্রশ্ন—মদ্রিচের বিদায়ের পর কে হবেন রিয়ালের নতুন ‘নম্বর টেন’?

স্প্যানিশ দৈনিক মার্কা-র মতে, এই প্রতীকী জার্সি কে পরবেন, তা নিয়ে ক্লাবের ভেতরে আলোচনাও তুঙ্গে। দৌড়ে রয়েছেন দুজন—কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলের। ফ্রান্সের জাতীয় দলে নিয়মিত ১০ নম্বর জার্সি পরে খেলা এমবাপ্পে বর্তমানে রিয়ালে পরছেন ৯ নম্বর। বড় তারকা হয়েও তিনি ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে নম্বর নির্বাচনে বিনয় দেখিয়েছেন। তবে তার বাজারমূল্য, ব্যক্তিগত ব্র্যান্ড এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা জার্সি নম্বর পরিবর্তনের সম্ভাবনাকে নাকচ করে না।

অন্যদিকে, ১৯ বছর বয়সী আর্দা গুলের যেন রূপকথার নায়ক। গত মৌসুমে বার্নাব্যুতে আসার পর থেকেই এই তুর্কি মিডফিল্ডার নিজের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন। বিশেষ করে কোচ হিসেবে শাবি আলনসোর আগমনের পর তার পারফরম্যান্সে এসেছে নতুন মাত্রা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিদায়ের আগে মদ্রিচ নিজ হাতে গুলেরকে উপহার দিয়েছিলেন তার ১০ নম্বর জার্সি—যা অনেকেই দেখছেন ভবিষ্যতের দায়িত্ব হস্তান্তরের প্রতীক হিসেবে।

ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সিকে বলা হয় সবচেয়ে আইকনিক। মেসি, মারাডোনা, জিদান থেকে শুরু করে প্রতিটি যুগে এই নম্বর গায়ে চাপানো মানেই ছিল নেতৃত্ব, সৃজনশীলতা ও সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে ওঠা। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের তরুণ তারকা লামিনে ইয়ামালকে দিয়ে দিয়েছে ১০ নম্বর জার্সি।

তবে রিয়ালের হিসাব একটু ভিন্ন। আলফ্রেডো ডি স্তেফানো কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ক্লাবের ইতিহাস বদলে দেওয়া মহাতারকারাও খেলেছেন যথাক্রমে ৯ ও ৭ নম্বর জার্সিতে। এরপরও ১০ নম্বর জার্সির আবেদন কম নয়। এটি মাঠের সৃজনশীল মস্তিষ্কের প্রতীক—যিনি খেলার গতি নির্ধারণ করেন, এবং ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন।

রিয়াল জানে, ১০ নম্বর জার্সির বিশ্বজুড়ে আলাদা বাণিজ্যিক মূল্য রয়েছে। এটি খেলোয়াড়ের ব্র্যান্ড গঠনে সাহায্য করে, বাড়ায় জার্সির বিক্রি। কিন্তু এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হবে না। কারণ বার্নাব্যুর গ্যালারিতে ‘১০’ মানে ইতিহাস, দায়িত্ব এবং সম্মান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator